টি-টোয়েন্টিতে বাংলাদেশকে কখনও হারাতে পারেনি নেপাল। তবে ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সিরিজ হারিয়েছে। আবার গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে প্রায় হারিয়েই দিচ্ছিল। এসব পারফরম্যান্সে যেন আত্মবিশ্বাস বেড়েছে দলটির। তারা এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপে ভালো কিছু করার।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও নেপাল আছে একই গ্রুপে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির সাথে বাংলাদেশ ও নেপাল লড়বে 'সি' গ্রুপে। আর সেখানে বাংলাদেশকে হারানোর ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী নেপাল।
দলটির তারকা স্পিনার সন্দীপ লামিচানে বিডিক্রিকটাইমকে বলেন, 'অবশ্যই। ক্রিকেট একটা ক্রেজি গেম। নির্দিষ্ট দিনে বিশেষ করে টি-২০ ক্রিকেটে যে কেউ জিততে পারে। আমরা মুখিয়ে আছি। বিশ্বকাপে শুধু বাংলাদেশ কেন, যেকোনো দলকেই আমরা চ্যালেঞ্জ জানাতে পারি।'
