ক্রিকেটারদের টাকা দিতে না পেরে মালিকানা ছাড়ল চট্টগ্রাম

 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর মাঠে গড়ানোর এক দিন আগে দেখা দিয়েছে এক নাটকীয়তা! চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছে তাদের মালিকানা প্রত্যাহারের। দলটির দায়িত্ব বিসিবিকে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 আসন্ন বিপিএল থেকে নিজেদের মালিকানা প্রত্যাহারের জন্য বিসিবিতে আবেদন করেছেন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ। বিসিবির কাছে একটি চিঠি পাঠিয়ে জানান, আর্থিক সংকটের কারণে তিনি বিপিএলে আর অংশ নিতে চান না।


বিসিবি এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বোর্ড সভাপতিসহ দায়িত্বশীলরা আলোচনার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন। তবে হঠাৎ করে এই পরিস্থিতি বিসিবির জন্য এক সংকটই বলা চলে!

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই নানান কারণে আলোচনার শীর্ষে ছিল চট্টগ্রাম রয়্যালস। মেন্টর হিসেবে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিলেও তিনি পদত্যাগ করেন, তারপর বিমানবন্দর থেকে খেলোয়াড়দেরকে টিম হোটেলে নেওয়ার সময় দেখা যায় অব্যবস্থাপনা, টুর্নামেন্ট শুরুর দুই দিন আগেও দেখা যায় তাদের টিম বাস প্রস্তুত হয়নি।


এছাড়া, বিদেশি খেলোয়াড় সংকটেও পড়েছে দলটি। নিলাম ও সরাসরি চুক্তি থেকে দলে ভেড়ানো অ্যাঞ্জেলো পেরেরা, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং ও আবরার আহমেদ আসছেন না খেলতে। তাদের হাতে এখন কেবল আছে দুইজন বিদেশি ক্যামেরন ডেলপোর্ট ও কামরান গুলাম। তবে তারা দুইজনও এখনো দলের সাথে যোগ দেননি। সবমিলিয়ে টালমাটাল অবস্থা চট্টগ্রাম রয়্যালসের।


তবে, এই দলটিই নিলাম থেকে সবচেয়ে বেশি দামে দলে ভিড়িয়েছে নাঈম শেখকে। নিলামের একমাত্র ক্রিকেটার হিসেবে নাঈমের মূল্য ছাড়িয়ে যায় কোটি টাকা। ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম।

বিপিএল শুরুর আগে বিপাকে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। পল স্টার্লিং, আবরার আহমেদ ও নিরোশান ডিকভেলাকে পাচ্ছে না বন্দর নগরীর দলটি। তবে শেখ মাহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরীফুল ইসলামরা নিজেদের দিনে একাই দলকে জেতানোর সামর্থ্য রাখেন। মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদুল হাসান জয়রা ছেড়ে কথা বলবেন না। সব মিলিয়ে কাগজে কলমে বেশ সমীহ জাগানো দল চট্টগ্রাম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন